আমতলীতে স্বেচ্ছাসেবক দল নেতার দখলে মাদ্রাসার নিজস্ব স্টল

হাফিজ খান, বরগুনা: বরগুনার আমতলীতে মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার ভাড়া দেওয়া একটি স্টলে জোর করে তালা লাগিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এতে ব্যবসায়ী সফিকুল ইসলাম রিপনের প্রায় পাঁচ লাখ টাকার পশু ও মাছের খাদ্য আটকা পড়েছে এবং তাঁর ব্যবসা বন্ধ রয়েছে।

এ ঘটনায় মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের শুক্রবার আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত তালা খুলে দেওয়ার দাবি জানিয়েছে।

অভিযোগ অনুযায়ী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদারের নির্দেশে উপজেলা শ্রমিকদলের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান সরদার এবং উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন হাওলাদার বুধবার রাতে স্টলটিতে তালা লাগান।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ২০১০ সালে মানিকঝুড়ি স্ট্যান্ড এলাকায় মাদ্রাসার জমিতে সাতটি স্টল নির্মাণ করা হয়। এরপর সেগুলো ভাড়া দেওয়া হচ্ছে। গত ১ আগস্ট সামনের একটি স্টল সফিকুল ইসলাম রিপন তালুকদারকে ভাড়া দেওয়া হয়। সেখানে তিনি পশু ও মাছের খাদ্য বিক্রি করছিলেন।

ব্যবসায়ী সফিকুল বলেন, শাহজাহান ও মোশাররফ স্টলে তালা লাগানোর পর প্রায় পাঁচ লাখ টাকার পণ্য আটকা পড়েছে। দ্রুত তালা খুলে দেওয়ার দাবি জানান তিনি।

শাহজাহান সরদার তালা লাগানোর কথা স্বীকার করে বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ আমার কাছে ঘর ভাড়া দিয়েছে। তাই আমার ঘরে আমি তালা দিয়েছি। তবে ভাড়ার চুক্তিপত্র দেখাতে পারেননি। তিনি আরও বলেন, জসিম হাওলাদারের নির্দেশে তালা লাগিয়েছেন। জসিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ফোন কেটে দেন।

বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব মো. হুমায়ুন হাসান শাহীন বলেন, বিষয়টি জানার পর তিনি তালা খুলে দিতে বলেছেন। দলের কেউ অপরাধ করলে দল দায় নেবে না বলেও জানান তিনি।

মাদ্রাসার সুপার আবু তাহের বলেন, স্টল দখলের উদ্দেশ্যে জোর করে তালা লাগানো হয়েছে এবং এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Leave a Reply

  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225