বরগুনা প্রতিনিধিঃ
সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘খাসজমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত, প্রতিবাদে মানববন্ধন’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল ইসলাম লিমন হাওলাদারের বিরুদ্ধে সরকারি খাসজমি দখল, ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার যে অভিযোগ তুলে ধরা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি।
প্রকাশিত সংবাদে যেভাবে তাঁকে খাসজমি দখলকারী এবং সরকারি কর্মকর্তাকে লাঞ্ছনাকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে, তা তাঁর সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করেছে। তিনি কোনো সরকারি কর্মকর্তাকে মারধর, লাঞ্ছিত কিংবা প্রাণনাশের হুমকি দেননি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল ও চাষাবাদের অভিযোগও তিনি প্রত্যাখ্যান করেছেন।
ঘটনার প্রকৃত বাস্তবতা যাচাই না করে একপক্ষের বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য যথাযথভাবে যাচাই করা এবং উভয় পক্ষের বক্তব্য সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করা প্রয়োজন।
আমরা মনে করি, রাজনৈতিক ও সামাজিকভাবে একজন ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কোনো যাচাইবিহীন অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে প্রচার করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।
তাই প্রকাশিত সংবাদের সংশ্লিষ্ট অংশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকৃত ঘটনা যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যসহ একটি সংশোধনী ও প্রতিবাদ সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।
প্রতিবাদকারী মো. জহিরুল ইসলাম লিমন হাওলাদার
সাবেক সভাপতি, হলদিয়া ইউনিয়ন বিএনপি
চেয়ারম্যান পদপ্রার্থী, হলদিয়া ইউনিয়ন
আমতলী, বরগুনা।








Leave a Reply
You must be logged in to post a comment.