কুয়াকাটা প্রতিনিধি:
পর্যটন সম্ভাবনার দ্বার উন্মোচনে ‘সাগরকন্যা’ খ্যাত কুয়াকাটায় আগামী ২০ জুলাই ২০২৫, রবিবার, অনুষ্ঠিত হতে যাচ্ছে “ট্যুরিজম ফেস্টিভ্যাল ও আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫”। দেশের খ্যাতনামা পর্যটন সাংবাদিকদের সংগঠন গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এই উৎসবের আয়োজন করছে।
প্রধান অতিথি হিসেবে এই উৎসবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সফল স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। স্থানীয় খান প্যালেস অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি, লেখক, সাংবাদিক, পর্যটন উদ্যোক্তা, ব্যবসায়ী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও ট্যুরিজম সংশ্লিষ্ট বিশিষ্টজনরা অংশগ্রহণ করবেন।
আয়োজকরা জানিয়েছেন, ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য কুয়াকাটার অমিত সম্ভাবনাকে আরও সুপরিকল্পিতভাবে কাজে লাগানো এবং দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানচিত্রে নতুনভাবে উপস্থাপন করা।
অনুষ্ঠানে কুয়াকাটার পর্যটন শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও টেকসই উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বক্তারা স্থানীয় পর্যটন অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশ রক্ষা এবং বিদেশি পর্যটক আকর্ষণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন।
অনুষ্ঠানের আয়োজক সালাম মাহমুদ ও হাফিজ রহমান বলেন, “বাংলাদেশের সমুদ্র সৈকত ও উপকূলীয় পর্যটন নিয়ে আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা চাই কুয়াকাটাকে শুধু দেশের নয়, বিশ্বের পর্যটন মানচিত্রে আরও দৃঢ়ভাবে তুলে ধরতে। এ লক্ষ্য পূরণে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
এই ফেস্টিভ্যালের মাধ্যমে পর্যটন খাতের উদ্যোক্তা ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। বিশেষ এই আয়োজনে দেশের পর্যটন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হবে।
এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে কুয়াকাটার হোটেল-মোটেল জোনে পর্যটকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাও মনে করছেন, এমন আয়োজন কুয়াকাটার পর্যটন শিল্পকে নতুন গতি দেবে।







