মোঃ রাসেল, বরগুনাঃ
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া (৬০) নামের এক নারীর মৃত্যু হয় । আজ শুক্রবার বেলা ১১টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৭ জন।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) আলেয়ার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু আলেয়াকে বরিশাল নিতে পারেননি তার পরিবারের লোকজন । পরে তার ছেলে সরোয়ার “বন্ডে” স্বাক্ষর করলে চিকিৎসকরা তাকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করেন। শুক্রবার (৮ আগষ্ট ) বেলা ১১টার দিকে বরগুনা হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আলেয়া বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়া বুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া এলাকার মৃত নূর মোহাম্মদের স্ত্রী ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ৪ আগস্ট সোমবার ডেঙ্গু আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয় আলেয়া। পরে তার অবস্থার অবনতি হলে ৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ৩টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন চিকিৎসকরা। এসময় আলেয়াকে বরিশাল নিতে অপারগতা প্রকাশ করেন তার স্বজনরা। পরে স্বজনদের অনুরোধে বন্ডে স্বাক্ষর রেখে আলেয়াকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। পরে শুক্রবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ বিষয়ে আলেয়ার মেয়ে রুবিনা আক্তার বলেন, “আমার মায়ের শারীরিক অবস্থা ভালোই ছিল। কিন্তু জ্বর হয়ে পেটে গ্যাস হয়েছিল এবং শ্বাসকষ্ট হয়েছিল। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তাকে কেন বরিশাল নেয়া হয়নি – এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার মাতো ভালোই ছিল। গতকালও তিনি কথাবার্তা বলেছেন। শ্বাসকষ্ট হওয়ার পরই মা মারা গেছেন।”
এ বিষয়ে আলেয়ার পুত্রবধূ সাথী আক্তার বলেন, “গত সোমবার আমার শ্বাশুড়িকে হাসপাতালে ভর্তি করাই। গতকাল তাকে বরিশাল রেফার করছিল। পরে বন্ডে সই করে এখানে আবার ভর্তি করাই।”
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে কর্তব্যরত নার্স হাওয়া বলেন, “চিকিৎসাধীন অবস্থায় আলেয়ার শ্বাসকষ্ট শুরু হয়েছিল। এর কিছুক্ষণ পর তিনি কোন রেসপন্স করছিলেন না। পরে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন।”
এ নিয়ে বরগুনা হাসপাতালে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জন। গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ২৪ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি হয়েছেন ছয় জন। বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৭৫ জন রোগী। জেলার বিভিন্ন হাসপাতাল আরও আক্রান্ত রোগী ভর্তি রেয়েছে ৪২ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৫ হাজার ২৬৭ জন চিকিৎসা নিয়েছে। এর মধ্যে শুধু বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৪ হাজার ৪৩২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।







