
নিজস্ব প্রতিবেদকঃ
দেশের প্রখ্যাত সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাদল আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার সকাল ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা অঙ্গনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মী, সংস্কৃতি অঙ্গন এবং শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোক নেমে আসে।
বাদল আহমেদের জানাজার নামাজ আজ আসর বাদ রাজধানীর গোলাপবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর গোলাপবাগ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক জনাব জালাল উদ্দিন জুয়েল। এছাড়া কমিউনিকেশন অব বাংলাদেশ (কব)-এর চেয়ারম্যান ও ‘বিপ্লবী জনতা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: গোলাম ফারুক মজনু শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমীন।






