বরগুনায় নিজ ঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

খান নাঈম, বরগুনা:

বরগুনায় নিজ ঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ইটবারিয়া এলাকার মৃধা বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, একই এলাকার খালেক মোল্লার ছেলে স্বপন মোল্লা (৩৫) ও তার স্ত্রী আব্বাস মৃধার মেয়ে আকলিমা বেগম (২৭)। স্বপন পেশায় একজন রাজমিস্ত্রী, তার স্ত্রী নিহত আকলিমা একজন গৃহিণী।

এসময় ঘটনাস্থল থেকে এই দম্পতির সাদিয়া (৬) ও আফসানা (২) নামে দুই কন্যা সন্তানকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে স্বপন-আকলিমার বড় মেয়ে সাদিয়া ঘর থেকে বের হয়ে প্রতিবেশীদের জানায় তার মা কথা বলছে না, বাবাকে খুঁজে পাচ্ছে না। খবর পেয়ে প্রতিবেশীরা তাদের ঘরে আসলে ঘরের ভেতর প্রবেশ করে গলাকাটা অবস্থায় দেখতে পান আকলিমাকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। সেখানে তারা বারান্দায় আকলিমার স্বামী স্বপন মোল্লার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্বজনরা জানায়, এই দম্পতির কোনো শত্রু ছিলনা। তবে নানান সাংসারিক বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। ঝগড়া থেকে পারিবারিক কলহ লেগেই থাকতো।

এবিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইন বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এখন পর্যন্ত কোনো কিছুই বলা যাচ্ছে না। আমরা জিজ্ঞাসাবাদ করছি। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225