
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার (২১ নভেম্বর) সকালে মাঝারি থেকে তীব্র মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫, যা মধ্যম মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।
ভূমিকম্পের ঝাঁকুনিতে রাজধানীর বিভিন্ন ভবন দুলতে থাকে। অনেক বাসিন্দা আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। বাড্ডার বাসিন্দা আরিফুজ্জামান শাওন বলেন, আমাদের বাসা ৬ তলায়। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে পুরো ভবন দুলতে থাকে। জোরে শব্দ হতে থাকে, আসবাবপত্র এলোমেলো হয়ে যায়। সবাই দ্রুত নিচে নেমে যাওয়ার চেষ্টা করি।
একই এলাকার বাসিন্দা হাবিবুর রহমান রিয়াজ জানান, আমি তখন ঘুমে ছিলাম। হঠাৎ খাট দুলতে শুরু করে। ভয় পেয়ে দ্রুত উঠি। জীবনে এমন ভূমিকম্প অনুভব করিনি।
মিরপুর এলাকার বাসিন্দা ইলিয়াস হোসেন জানান, আমি আমার বাসায় মেয়েকে নিয়ে খেলতে ছিলাম ঠিক তখনই দেখি আমাদের বিল্ডিং কাপতেছে এবং বাসার সকল আসবাবপত্র কাপতেছে আমি তখন বুঝতে পারলাম যে ভুমিকম্প হচ্ছে সাথে সাথে সবাইকে বললাম সবাই নিচে যাও আমিও মেয়েকে নিয়ে নিচে রাস্তায় চলে আসলাম।
ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের জেলার বিভিন্ন স্থানেও কম্পন অনুভূত হয়েছে।
প্রাথমিকভাবে কিছু ভবনের দেয়ালে ফাটল দেখা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের কোনো তথ্য এখনো নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি সেবা সংস্থাগুলো মাঠে কাজ করছে।






