কাঠমান্ডু প্রতিনিধি:
গত ১৩ ডিসেম্বর সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশীপ-এর উদ্যোগে নেপালের রাজধানী কাঠমান্ডুর হোটেল জি রামায়ণে অনুষ্ঠিত হয় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নেপাল, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, মালদ্বীপ, শ্রীলংকা ও ভুটানের মোট ২০ জন গুণীজনকে এ অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বাবলু গুপ্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের জ্বালানি, নগর উন্নয়ন, পরিবহন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কুলমান ঘিসিং, প্রতিনিধি পরিষদের সেনেটর ও সাবেক শান্তি ও পুনর্মিলন মন্ত্রী একে নাথ ঢাকাল, সাবেক সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী আনন্দ প্রসাদ পোখরেল, প্রতিনিধি পরিষদের সদস্য তারা লামা তামাং এমপি, ভুটানের ইউএন সিআরসি-এর সহ-সভাপতি ড. রিনচেন চোপেল, ধুলিখেল পৌরসভার মেয়র অশোক ব্যাঞ্জু এবং বাংলাদেশের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নেপাল–বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির পরিচালক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান। সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মজনু।
সভাপতির বক্তব্যে মো. গোলাম ফারুক মজনু বলেন, নেপাল ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটি সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। এই সম্পর্ককে আরও জোরদার করে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নের জন্য সুপরিকল্পিত ও দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি।
আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে নেপাল ও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিল্পীদের যৌথ পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের বিশেষভাবে মুগ্ধ করে।






