
সাইফুল রাফিন, বরগুনাঃ
বরগুনার পাথরঘাটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ত্রাস সৃষ্টি ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে ধানেরশীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে।
এ ঘটনায় সংসদীয় আসন–১১০ (বরগুনা-২) এর বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লার প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শামীম আহসান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ২৯ ডিসেম্বর ধানেরশীষ প্রতীকের প্রার্থী পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে এসে আচরণবিধি অমান্য করে পাঁচ এর অধিক লোক নিয়ে মিছিল সহকারে প্রবেশ করেন।
এ সময় তিনি ও তার অনুসারীরা উচ্ছৃঙ্খল আচরণ ও বিদ্বেষমূলক স্লোগান দিতে থাকেন।
অভিযোগে আরও বলা হয়, সাংবাদিকরা ঘটনাস্থলের ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর চড়াও হয় প্রার্থীর অনুসারীরা। সমকাল প্রতিনিধির মোবাইল ছিনিয়ে নেওয়ার চেস্টা করা হয়। ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার সাংবাদিক মোঃ জিয়াউল ইসলাম কে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করা হয়।
এ বিষয়ে আলোকিত প্রতিদিনের সাংবাদিক পাথরঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করে।
লিখিত অভিযোগে নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত নির্বাচনী আচরণবিধিমালার ৯ নং বিধির (ঘ) উপবিধির উল্লেখ করে বলা হয়, মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী বা তার প্রতিনিধিসহ পাঁচজনের বেশি ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। কিন্তু ওই বিধি লঙ্ঘন করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি করা হয় এবং কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে অভিযোগকারী মোঃ শামীম আহসান বলেন, যেখানে একজন প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তাকে প্রকাশ্যে নাজেহাল করতে পারেন, সেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বজায় থাকা সম্ভব নয়।
আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ না হলে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হবে এবং নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে পড়বে।
অভিযোগপত্রের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারবৃন্দ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।






