
হাফিজ খান, স্টাফ রিপোর্টারঃ
সরকারি খাস জমির গাছ বিক্রি, সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার, অশালীন বক্তব্য ও হুমকির অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটা পৌর শ্রমিক দলের এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা শ্রমিক দল।
নোটিশে বলা হয়, কুয়াকাটা পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম মৃধার বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
বিষয়টি জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান খান বাবু ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনিরের নজরে আসে, যা সংগঠনের জন্য বিব্রতকর হিসেবে উল্লেখ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) রাতে পটুয়াখালী জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান টিটু স্বাক্ষরিত এ নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত নেতার কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সে বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত জসিম মৃধার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
জেলা শ্রমিক দলের সভাপতি জাহিদুর রহমান বাবু খান বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।






