
বরগুনা প্রতিনিধিঃ
মহান জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বরগুনার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন শামসুন্নাহার মিরা খাঁন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম দাখিল করেন। এ সময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
জানা যায়, মিরা খাঁনের বাবা মরহুম জাফর আলী খান ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পৃষ্ঠপোষকতায় গঠিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগোদল)-এর মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন এবং ১৯৭৮ সালে বিএনপির সূচনা লগ্ন থেকেই সক্রিয় ছিলেন। তিনি বরগুনার আমতলী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
বাবার আদর্শকে ধারণ করে তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা মিরা খাঁন দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত। সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন তিনি। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি প্রথমে আমতলী উপজেলা মহিলা দলের সভাপতি এবং বর্তমানে বরগুনা জেলা মহিলা দলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন ফরম দাখিলের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মিরা খাঁন বলেন, “দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন প্রদান করে, তাহলে দেশের গণতন্ত্র রক্ষা, নারীর ক্ষমতায়ন এবং বরগুনার জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”







Leave a Reply
You must be logged in to post a comment.