আবু জাহের, মালদ্বীপ: বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, গণমাধ্যমের গুণগত মান উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে মালদ্বীপের রাজধানী মালেতে এক দ্বিপাক্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর সভাপতি মোঃ গোলাম ফারুক মজনু। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এসএসপির সহ-সভাপতি ড. মোঃ আনুরুজ্জামান আজাদ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান।
অপরদিকে মালদ্বীপের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মালে মেইল পত্রিকার সম্পাদক আহমেদ রিশান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী আইশাথ সিজুনা।
বৈঠকে দুই দেশের সাংবাদিকদের মধ্যে পেশাগত সহযোগিতা বৃদ্ধি, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন, তথ্য আদান-প্রদান, সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সেসবের কার্যকর সমাধানে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর মালদ্বীপ শাখা কমিটি গঠন, এর সাংগঠনিক কাঠামো, সদস্য সংগ্রহ এবং প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠনের বিষয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও মালদ্বীপের গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা, অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।








Leave a Reply
You must be logged in to post a comment.