বরগুনা প্রতিনিধি:
নারী-পুরুষের প্রচলিত সামাজিক ভূমিকা ও দায়িত্বের বিভাজন পরিবর্তন এবং পরিবারে পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বরগুনায় কমিউনিটি পর্যায়ে এক সচেতনতামূলক ও ভিন্নধর্মী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাপিতখালী গ্রামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগোনারী’ কর্তৃক বাস্তবায়িত ‘আলোকিত প্রকল্প’-এর আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে স্থানীয় পুরুষরা নিজ পরিবারের নারী সদস্যদের সামনে সরাসরি রান্নাবান্না ও অন্যান্য গৃহস্থালি কাজে অংশ নেন।
আয়োজকরা জানান, নারীর গৃহস্থালি কাজের সঠিক মূল্যায়ন, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর সমান অংশগ্রহণ, সন্তান লালন-পালন এবং সংসারের সব দায়িত্ব পারস্পরিক ভাগাভাগির গুরুত্ব সবার সামনে তুলে ধরাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পুরুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনে এক উৎসবমুখর ও শিক্ষণীয় পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম নাপিতখালী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ রেবেকা শিরিন, বুড়িরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আয়শা সিদ্দিকা এবং বরগুনা প্রতিবন্ধী ডেভেলপমেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান খান। এছাড়াও স্থানীয় সমাজসেবক, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী-পুরুষরা এ আয়োজনে অংশ নেন।
বক্তারা বলেন, একটি সুসংগঠিত ও সুখী পরিবার গঠনে নারী ও পুরুষ উভয়ের সমান অবদান রাখা প্রয়োজন। গৃহস্থালি কাজ শুধু নারীর এই সনাতন মনোভাব থেকে বেরিয়ে এসে পুরুষরা এগিয়ে এলে পরিবারে সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে। স্থানীয় বাসিন্দারা জাগোনারীর এই সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান।








Leave a Reply
You must be logged in to post a comment.