মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ শহরের এস এস রোডের বড়বাজারে মাছ কেনাকে কেন্দ্র করে ছমিদুল নামের এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ মাছ ব্যবসায়ী।
রোববার (০৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের এস এস রোড বড়বাজারে এ ঘটনাটি ঘটে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সকালে শহরের এসএস রোডের বড় বাজারে মাছ কেনাকে কেন্দ্র করে মাছ ব্যবসায়ী ও ক্রেতা রিপতি সানজিদা রিয়ার সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর একপর্যায়ে রিয়া ফোন করে শামিমসহ আরও ৪/৫ জনকে বাজারে ডেকে আনেন। পরে মাছ ব্যবসায়ী ছমিদুলকে গলায় ছুরিকাঘাতে আহত করেন শামিম হোসেন।
এ সময় মাছ ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ছমিদুলের গলায় ৭০টি সেলাই দেয়া হয়েছে। বর্তমানে ছমিদুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া অন্য আহতরা হলেন পৌর এলাকার সাহেদনগর বেপারীপাড়া এলাকার টুক্কা ব্যাপারীর ছেলে ছমিদুল, ওয়াজ নবির ছেলে মিজান, মৃত হোসেন ব্যাপারীর ছেলে জাহানুরসহ আরও ২ জন।
এ সময় সিরাজগঞ্জ জুয়েলর্স অক্সফোড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম জুয়েলের বড় মেয়ে ও পৌর এলাকার ধানবান্ধি মহল্লার আকিব সাজ্জাদ শুভর স্ত্রী রিপতি সানজিদা রিয়া (২৪) ও শামিম হোসেন (২৭)কে আটক করে মাছ ব্যবসায়ীরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ২ জনকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।পরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
সিরাজগঞ্জ বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ফয়েজ উদ্দিন বলেন, মাছ ক্রয়-বিক্রয়ের সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ক্রেতারা কয়েকজন মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে, তারা এখন আশংকামুক্ত।
এ ব্যাপারে ছমিদুলের বড় ভাই ইমরান হোসেন বাদী হয়ে সদর থানায় ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫-৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
Facebook Comments Box







