হাফিজুর রহমান, বরগুনাঃ
বরগুনায় জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া আটজনের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বরগুনা পৌর এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর এস. এম. আফজালুর রহমান, জেলা বাইতুলমাল সম্পাদক মো. আনোয়ার হোসেন, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন এবং আন্দোলনে সক্রিয় স্থানীয় ছাত্র ও পেশাজীবী প্রতিনিধি দল।
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে জামায়াতে ইসলামী এ সহায়তা প্রদান করেছে। বক্তারা বলেন, এই আন্দোলন কোনো নির্দিষ্ট দলের ছিল না এটি ছিল বৈষম্য, নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে জনগণের প্রাণের দাবি।
সভায় সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমীর মাওলানা মো. মহিব্বুল্লাহ হারুন বলেন, “শহীদ পরিবারগুলোকে শুধু আর্থিক সহায়তা নয়, তাঁদের পাশে থেকে শহীদদের শূন্যতা পূরণে কাজ করবে জামায়াতে ইসলামী। যারা ক্ষমতার লোভে গণহত্যা চালিয়ে চোরের মতো দেশ ছেড়ে পালায়, তারা কখনোই বীরের বেশে ফিরতে পারে না।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ বীরত্বের সঙ্গে মৃত্যুবরণ করেছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি। জনগণ তাঁদের নেতৃত্বে আস্থা রাখে এবং জামায়াতে ইসলামী সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করবে।”
অনুষ্ঠানে বক্তারা সরকারের কাছে শহীদ পরিবারের যথাযথ ক্ষতিপূরণ ও ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান।







