
এমএইচ কিসলু
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোহাগ হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত ৯ টার দিকে পটুয়াখালীর শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ হাওলাদার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মজিবর হাওলাদারের ছেলে। সোহাগের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
জানা যায়, সোহাগ হাওলাদার ও তার মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম মোটরসাইকেল যোগে পটুয়াখালী যাচ্ছিল। পথিমধ্যে আমতলীর শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় গভীরনলকুপের মালামাল বোঝাই একটি নসিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগ হাওলাদারকে মৃত ঘোষণা করেন। আহত সাইদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা বলেন, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে থানা স্থাপন, মহাসড়ক ছয় লেনে উন্নীত করা এবং দ্রুতগামী যানবাহনের গতি নিয়ন্ত্রণসহ সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত মামলা হয়েছে।






