
রাকিবুল ইসলাম রাজন, বরগুনা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন দলের কেন্দ্রীয় মহিলা দলের সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক আসমা আজিজ। দীর্ঘদিন ধরে বরগুনার মাঠপর্যায় এবং কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় এই নারী নেত্রী তার সাংগঠনিক দক্ষতা, ত্যাগী ভূমিকা ও ক্লিন ইমেজের কারণে ইতোমধ্যেই নেতাকর্মীদের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বলে জানা গেছে।
বরগুনা সদর উপজেলার চরকলোনী এলাকায় জন্মগ্রহণকারী আসমা আজিজ পারিবারিকভাবেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত। তার পিতা মরহুম মো. আব্দুল আজিজ (বিএসসি) ছিলেন ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সদস্য এবং বাস্তহারা ছিন্নমূল কমিটির প্রতিষ্ঠাতা উপদেষ্টা। তার বড় ভাই নাজমুল হাসান ফরহাদও ছাত্রদল ও যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। পেশায় শিক্ষানবিশ আইনজীবী আসমা আজিজ মাস্টার্স অব ল (Master of Laws) ডিগ্রিধারী।
২০০০ সালে জেলা ছাত্রদল, বরগুনা শাখার কর্মী হিসেবে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। এরপর তিনি জাতীয়তাবাদী মহিলা দলের রাজনীতিতে যুক্ত হয়ে কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন। বর্তমানে তিনি সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক (কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দল) এবং বরিশাল বিভাগ মহিলা দলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে, এবং ২০১৮ সালের নির্বাচনী প্রচারণায় আফরোজা আব্বাসের সঙ্গে অংশ নিতে গিয়েও তিনি হামলার শিকার হন। ২০১৮ সালে খালেদা জিয়ার গ্রেফতারের প্রতিবাদে পুলিশের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সর্বশেষ, ২০২৩ সালের ২৮ অক্টোবর ও ২০২৪ সালের আন্দোলনেও উত্তরা ও সিএমএম কোর্টে টিয়ারশেল নিক্ষেপে গুরুতর আঘাত পান তিনি। রাজনৈতিক কারণে তার নামে একাধিক মামলাও রয়েছে।
বরগুনা-১ আসনে বর্তমানে আসমা আজিজের ব্যাপক গণসংযোগ চলছে। তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে বরগুনার প্রতিটি ইউনিয়নে জনসংযোগ, লিফলেট বিতরণ এবং দলীয় কর্মীদের সংগঠিত করে চলেছেন। স্থানীয় ছাত্রদল ও মহিলা দলের কর্মীদের তিনি নিয়মিত আর্থিক ও সাংগঠনিক সহায়তা দিয়ে আসছেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, তরুণ প্রজন্ম ও নারী ভোটারদের মধ্যে আসমা আজিজের গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে। তারা মনে করেন, তার নেতৃত্বে বরগুনা-১ আসনে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হবে।
বরগুনার আয়লা কলেজের সভাপতি এবং জেলা বাস্তহারা ছিন্নমূল কমিটির উপদেষ্টা হিসেবেও তিনি সামাজিক ও শিক্ষা অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখছেন।
মনোনয়ন প্রসঙ্গে আসমা আজিজ বলেন, আমি রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছি। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার রাজনীতির লক্ষ্য। আগামী নির্বাচনে বরগুনা-১ আসন থেকে মনোনয়ন পেলে জনগণের আস্থা অর্জন করবো এটাই আমার বিশ্বাস।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বরগুনা-১ আসনে বিএনপির তরুণ ও নারী নেতৃত্বের মধ্যে আসমা আজিজের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এই আসনে এক নতুন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে। তিনি মনোনয়ন পেলে এ আসনে ভোটের সমীকরণে পরিবর্তন আসবে।






