
এমএইচ কিসলু
বিএনপির সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের আইনজীবীদের সম্পর্কে করা মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বরগুনা জেলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী ফোরামের নেতারা।
শনিবার (৮ নভেম্বর) রাতে বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর আলহাজ্ব মো. নুরুল আমিন, সদস্য সচিব মনোয়ারা আক্তার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি রনজুয়ারা সিপু, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক মো. মজিবুর রহমান, সদস্য সচিব আবদুল ওয়াসি মতিনসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ।
জানা যায়, ৫ নভেম্বর বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে এক সভায় বিএনটির সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ আইনজীবীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। তিনি ওই সভায় বলেন, ওকালতি যারা করে তারা কিন্তু টাউট বাটপার।
একজন সাবেক সংসদ সদস্য হিসেবে তিনি এ ধরনের অশোভন ও কুরুচিপূর্ণ মন্তব্য শুধু আইনজীবী সমাজ নয়, পুরো আইনাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আইনজীবীদের মর্যাদা ও সামাজিক অবস্থান মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বরগুনা আইনজীবী সমিতির আহবায়ক আলহাজ্ব মো: নুরুল আমীন বলেন, ফরহাদ সাহেবের এই বক্তব্যের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ইতোমধ্যে দেশজুড়ে আইনজীবীরা তার ওই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অবিলম্ভে সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদকে জনসম্মুখে বক্তব্য প্রত্যাহার করে ভুল স্বীকারসহ ক্ষমা চাইতে আহ্বান জানান। পাশাপাশি সরকারের প্রতি আহবান জানান, তার বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়।






