
বরগুনা প্রতিনিধি:
বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নাফিউল ইসলাম সিনহাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
০১ ফেব্রুয়ারি রবিবার বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে বরগুনা জেলার বামনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে বলইবুনিয়া এলাকা থেকে ডিবি পুলিশের এসআই বিকাশ কর্মকার, এএসআই ইউসুফসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিনহা বরগুনা সদর থানার মামলা নং ৩৮(১১)২৫, তারিখ ১৩/১১/২৫, জিআর-৫২৭ এর সন্দিগ্ধ আসামি। মামলাটি স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে বরগুনা পৌরসভাধীন বিভিন্ন এলাকায় সরকারবিরোধী লিফলেট বিতরণ, ঝটিকা মিছিল, মশাল মিছিল, সংগঠনের জন্মদিন পালন এবং ‘নো বোট-নো ভোট’ সংক্রান্ত লিফলেট বিতরণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল। এসব কর্মকাণ্ডের প্রধান সমন্বয়ক হিসেবে তার নাম উঠে আসে।
গ্রেফতারকৃত মো. নাফিউল ইসলাম সিনহা বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।






