
হাফিজুর রহমান খান, বরগুনা:
বরগুনার আমতলী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয়ে ব্যানার টানানো ও পতাকা উত্তোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মতিন খানের নেতৃত্বে ছাত্রলীগের সাবেক সদস্য ও বর্তমানে যুবলীগের কর্মী টিপু এবং মশিউর রহমান লিটন শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে ওই কার্যালয়ে আওয়ামী লীগের ব্যানারের ছবি টানান এবং পতাকা উত্তোলন করেন। এ সময়ের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষণার পর থেকে কার্যালয়টি দীর্ঘদিন ধরে বিএনপির দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছিলেন নেতাকর্মীরা। তবে হঠাৎ করে পুনরায় ব্যানার টানানো ও পতাকা উত্তোলনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, আবার অনেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মতিন খান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
তিনি বলেন, বৈঠকে শেখ হাসিনার নির্দেশ ছিল, ভাঙা, দখলকৃত বা পোড়া অবস্থায় থাকা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও ব্যানার টানিয়ে নিজেদের অবস্থান জানান দিতে হবে।
মতিন খান আরও বলেন, আমরা হামলা-মামলা ভয় করি না। নেত্রী আদেশ দিলে আমরা আবারও রাজপথে নামবো।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকিরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি আমরা জেনেছি। তাদেরকে গ্রেপ্তারের অভিযান চলছে।







Leave a Reply
You must be logged in to post a comment.