
আবুল হাসান, বরগুনা: বরগুনায় বিষখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ কয়লার কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর ১ টার দিকে বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়নের আজগরকাঠি গ্রামে অবৈধ কয়লার চুল্লীতে এ অভিযান পরিচালনা করা হয়।
বরগুনা জেলা কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) ও বরগুনা সদর নির্বাহী ম্যাজিস্ট্রেট এর যৌথ অভিযানে অবৈধভাবে পরিচালিত বায়ু দূষণকারী কাঠ কয়লার কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন ২০২২ এর ৮ নং ধারা লঙ্ঘনের দায়ে ১ লাখ টাকা জরিমানা ধার্য্য এবং অবৈধ কাট কয়লা উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
অবৈধ কয়লার চুল্লিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান। এ সময় বরগুনা সদর থানা পুলিশ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, বায়ু দূষণকারী কাঠ কয়লা উৎপাদন কার্যক্রম পরিচালনাকারী এবং পরিবেশ দূষণকারী সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।






