হাফিজ খান, স্টাফ রিপোর্টারঃ
বরগুনা সদর উপজেলার ৮ নং বরগুনা সদর ইউনিয়নের উত্তর হেউলিবুনিয়া গ্রামের কৃষক জাফর হাওলাদারের তরমুজ গাছ কর্তন করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জাফর হাওলাদার বাদী হয়ে বরগুনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মোঃ আলাউদ্দিন এবং তার স্ত্রী মোসাঃমহিমা বেগম। বুধবার (১১ মার্চ) ভোর পাঁচটার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।
অভিযোগকারী মোঃ জাফর হাওলাদার বলেন, আমি একজন অসহায় ও গরিব চাষী। আমার বাড়ি ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের বাইনসমের্ত গ্রামে। আমি নগদ টাকায় জমি রেখে উত্তর হেউলি বুনিয়াতে তরমুজ চাষাবাদ করেছি। জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ধার দেনা ও ঋণ গ্রহণ করে তরমুজ চাষাবাদ করেছি। জীবিকা নির্বাহের জন্য আমার একটি অটো গাড়ি ছিল সেই গাড়িটি বিক্রি করে সেই টাকা দিয়ে তরমুজ খেতের জন্য কীটনাশক কিনেছি। গতরাতে সেহরির সময় আমার চার শতাংশ জমির তরমুজ গাছ কেটে ফেলেছে আলাউদ্দিন এবং তার স্ত্রী মহিমা বেগম। এতে আমার প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি একটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি অপরাধীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানাই।
এ বিষয়ে আলাউদ্দিন এবং তার স্ত্রী মহিমা বেগমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আব্দুল আলীম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







