
ইসহাক জুয়েল:
বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের চৌমুহনী গ্রামের ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মোঃ জামাল হোসেন মল্লিক। ৫ আগস্ট পরবর্তী সময়ে খোলস পালটিয়ে এখন হয়ে গেছেন বিএনপির বড় ত্যাগী নেতা।
গত আওয়ামী সরকার আমলে মোঃ জামাল হোসেন মল্লিক যুবলীগের একজন সক্রিয় সদস্য ছিলেন। আওয়ামী লীগের সকল মিছিল মিটিংয়ে তাকে দেখা যেত। তিনি ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক কমিটির একজন সক্রিয় সদস্য। তার নাম উক্ত লিস্টের ২৯ নং সিরিয়ালে আছে। বর্তমানে তিনি নিজেকে বিএনপি নেতা বলে দাবি করেন। মূল সড়কের পাশে বরগুনা জেলা বিএনপি’র আহবায়ক নজরুল ইসলাম মোল্লার সাথে ছবি দিয়ে বড় বড় ফেস্টুন তৈরি করে লাগিয়ে রেখেছেন। তার ক্ষমতার দাপটে অতিষ্ট এলাকার নিরীহ মানুষ।
৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চৌমুহনী বাজারের উওর পাশে তার একটি স্ব-মিল আছে। সরকারি রাস্তার উপর বড় মোটা মোটা গাছের টুকরো রেখে তার স্ব-মিলে কাটানো হয়। এতে নষ্ট হয়ে যাচ্ছে সরকারি রাস্তা। স্ব-মিলটি রাস্তার বাঁকে হওয়াতে এবং রাস্তার দুই পাশে গাছ রাখার কারণে যেকোনো সময় দুর্ঘটনায় পতিত হতে পারে রিক্সা, অটো রিক্সা, বাইক এবং এই রাস্তায় সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন যানবাহন সিএনজি সহ বিভিন্ন যানবাহন। তার ক্ষমতার দাপটে মুখ খুলতে সাহস পাচ্ছে না কেউ।
এ বিষয়ে জামাল মল্লিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি সরকারি রাস্তা রক্ষণাবেক্ষণের স্বার্থে এবং দুর্ঘটনার হাত থেকে সাধারণ মানুষের জীবন রক্ষা করার জন্য রাস্তার দুইপাশে রাখা গাছ গুলো যেন দ্রুত সরিয়ে ফেলা হয়।






