হাফিজ খান, স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে একটি ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ মে) ভোর রাতে আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উর্মি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
জানা যায়, প্রায় আট মাস আগে স্বামী মহিববুর রহমান বাপ্পী (যিনি একজন বহিষ্কৃত পুলিশ সদস্য) এবং তাদের দুই সন্তান দেড় বছরের ফারদিন ও চার বছরের ফারিস্তা কে নিয়ে তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ ও ঝগড়া লেগে থাকত বলে স্থানীয়রা জানান।
শুক্রবার (১ মে) রাত আনুমানিক দেড়টার দিকে বাপ্পী থানায় খবর দেন যে, তার স্ত্রী ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোররাতে মরদেহটি উদ্ধার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পর উর্মির স্বামী ও তাদের দুই সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে। শিশু দুটিকে পুলিশের পক্ষ থেকে দেখভাল করা হচ্ছে।
তিনি আরও বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা নিশ্চিত হতে তদন্ত চলছে।








Leave a Reply
You must be logged in to post a comment.