জেলা প্রতিনিধি, খুলনা:
খুলনার দাকোপ উপজেলায় পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ মে ২০২৬ খ্রি.) দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের ঢাংমারিতে এ কর্মসূচির আয়োজন করে সুন্দরবন যুব সংঘ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও স্থানীয় তরুণরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।
সুন্দরবন যুব সংঘের নেতৃবৃন্দ জানান, দাকোপ কেন্দ্রিক বিভিন্ন ট্যুরিস্ট স্পট এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে বিশ্বের দরবারে আরও পরিচিত করে তোলাই তাদের অন্যতম লক্ষ্য। পাশাপাশি স্থানীয় যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণেও সংগঠনটি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।







