নিজস্ব প্রতিনিধিঃ বরগুনা জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ ১৯ মে ২০২৬ তারিখে বরগুনা পিটিআই হলরুমে এক ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল।
প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, নারীর জন্য পরিবহন সুবিধা, পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধ, গুজব মোকাবিলা, যুবসমাজকে মাদকমুক্ত রাখা, নৈতিকতার পুনর্জাগরণ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এ সময় তিনি অংশগ্রহণকারীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপারিন্টেন্ডেন্ট জনাব দিলারা সুলতানা এবং সহকারী সুপারিন্টেন্ডেন্ট মোঃ শাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে বিষয়ভিত্তিক ডকুমেন্টারিসহ নানা সামাজিক সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে উপস্থিত দর্শনার্থীরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য জানতে সক্ষম হন।






