স্টাফ রিপোর্টারঃ বরগুনার বেতাগী উপজেলার একটি ফাজিল মাদ্রাসার ইতিহাস বিভাগের প্রভাষক মো. রুহুল আমিন চুন্নুর বিরুদ্ধে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে মাদ্রাসার প্রভাষক রুহুল আমিন চুন্নু ওই এলাকার এক অবসরপ্রাপ্ত শিক্ষকের স্ত্রীকে সঙ্গে নিয়ে বরিশালে যান। সেখানে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁদের একসঙ্গে দেখতে পেয়ে বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে রুহুল আমিন চুন্নু ওই নারীর জামাতার বাসায় আশ্রয় নেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে ওই নারীর জামাতা তাঁর শ্বশুরকে ফোন করে জানান। খবর পেয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক সেখানে উপস্থিত হন। পরবর্তী সময়ে তাঁদের দাম্পত্য সম্পর্কে অবনতি ঘটে এবং ওই শিক্ষক তাঁর স্ত্রীকে তালাক দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, রুহুল আমিন চুন্নুর সঙ্গে ওই নারীর দীর্ঘদিন ধরে সম্পর্ক রয়েছে। এ নিয়ে অতীতেও একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হয়েছে বলে তাঁদের দাবি। শুধু এই ঘটনাই নয়, তাঁর বিরুদ্ধে আরও কয়েকজন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও তুলেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়দের আরও অভিযোগ, ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে অসহায় ও দরিদ্র নারীদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তাঁরা। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে অভিযুক্ত শিক্ষককে প্রতিষ্ঠান থেকে অপসারণের দাবিও জানিয়েছেন কয়েকজন অভিভাবক।
অভিযুক্ত রুহুল আমিন চুন্নু ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, ওয়ার্ড উন্নয়ন কমিটির সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এ বিষয়ে ছোপখালি জহুর উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাহার সিদ্দিকীর কাছে জানতে চাইলে তিনি বলেন, রুহুল আমিন চুন্নুর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এর আগেও আমার কাছে একাধিকবার এসেছে। স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে সালিশ-বৈঠকও করেছেন। অভিযোগের বিষয়ে আমি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রভাষক মো. রুহুল আমিন চুন্নু বলেন, সম্পর্ক থাকা দোষের নয়। আমি বরিশালে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। মাদ্রাসায় আমার অনেক শত্রু আছে।
এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। এখন তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।








Leave a Reply
You must be logged in to post a comment.