হাফিজ খান, স্টাফ রিপোর্টারঃ
বরগুনা জেলায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের লক্ষ্যে ‘উদ্যোগ’ শীর্ষক কর্মসূচির আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী লিড ব্যাংক পদ্ধতিতে উত্তরা ব্যাংক পিএলসি, বরগুনা শাখার ব্যবস্থাপনায় জেলার সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টের কনভেনশন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল কার্যালয়ের পরিচালক মোঃ হাফিজুর রহমান। উত্তরা ব্যাংক পিএলসি বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রধান ও উপমহাব্যবস্থাপক মোঃ সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের অতিরিক্ত পরিচালক সনজয় কুমার দত্ত এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের উপমহাব্যবস্থাপক আকিন্জন বিশ্বাস।
উত্তরা ব্যাংক পিএলসি, বরগুনা শাখার ব্যবস্থাপক এ.বি.এম. রাশেদ মাহমুদের সঞ্চালনায় এবং তার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম শুরু হয়। পরে প্রজেক্টরের মাধ্যমে ‘উদ্যোগ’ কর্মসূচির বিভিন্ন দিক, উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, সম্ভাবনাময় উদ্যোক্তা চিহ্নিতকরণ এবং তাদের জন্য ব্যাংকিং অর্থায়নের সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের পরিচালক মোঃ হাফিজুর রহমান বলেন, “একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে রয়েছে অসীম উদ্ভাবনী ক্ষমতা, কর্মস্পৃহা, সাহস ও নতুন কিছু করার প্রত্যয়। কিন্তু অনেক সম্ভাবনাময় তরুণের পর্যাপ্ত পুঁজি, আর্থিক সহায়তা, সঠিক দিকনির্দেশনা এবং ব্যাংকিং সুবিধার অভাবে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হয় না। আমি মনে করি, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ তরুণদের সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
কর্মশালায় বরগুনা জেলার বিভিন্ন ব্যাংক শাখার ব্যবস্থাপক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ কর্মসূচির মাধ্যমে উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাদের দক্ষতা ও সক্ষমতা অনুযায়ী চিহ্নিত করা এবং প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করার মাধ্যমে বরগুনা জেলায় নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।








Leave a Reply
You must be logged in to post a comment.