
রাসেল মাহমুদ, বরগুনা:
গত ৪৮ বছর ধরে নার্সিং একটি স্বতন্ত্র পেশা ও এটি একটি পেশাদার ও সম্মানজনক সেবা খাত, যার রয়েছে নিজস্ব শিক্ষা, প্রশিক্ষণ ও প্রশাসনিক কাঠামো। গত ৪৮ বছর ধরে এই অধিদপ্তর নার্সদের পেশাগত উন্নয়ন ও স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করে আসছে। ৪৮ বছরের ঐতিহ্য, ইতিহাস ও অগ্রগতির প্রতীক স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য একটি অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ),বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) ও সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ (ডিজিএনএম) শাখার আয়োজনে মানববন্ধন করে নার্সিং কর্মকর্তারা ও ৩ শতাধিক শিক্ষার্থী এবং বিভিন্ন নার্সিং সংগঠনগুলো।
মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর দেশের স্বাস্থ্য ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। স্বাধীন কাঠামোর এই অধিদপ্তর নার্সদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু একীভূতকরণের প্রস্তাব নার্সিং পেশার স্বাতন্ত্র্য ও মর্যাদাকে ক্ষুণ্ন করবে।
বক্তারা আরও বলেন, নার্সিং পেশাকে শক্তিশালী ও আধুনিকায়নের বদলে এই ধরনের পদক্ষেপ পেশাটিকে দুর্বল করবে এবং স্বাস্থ্যখাতে নেতিবাচক প্রভাব ফেলবে।
তারা অবিলম্বে একীভূতকরণের প্রস্তাব বাতিল করে বর্তমান স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বহাল রাখার দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নার্সিং পেশার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
বিএনএ বরগুনা জেলা শাখা সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বলেন, আজ আমরা একত্রিত হয়েছি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরে স্থানান্তরের বিপক্ষে আমাদের প্রতিবাদ জানাতে।
তিনি আরো বলেন, এই অধিদপ্তরকে অন্যত্র সরিয়ে নেয়া মানে নার্সদের স্বাধীনতা ও মর্যদাকে হমকির মুখে ফেলা, যা দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য এক অশনি সংকেত
বিএনএ বরগুনা জেলা শাখা সভাপতি মরিয়ম আক্তার খাতুন বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নার্সদের প্রশিক্ষণ, নিয়োগ, প্রশাসনিক কার্যক্রম ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রতিষ্ঠানকে ভিন্ন অধিদপ্তরের সঙ্গে মিশিয়ে দিলে স্বাস্থ্যখাতের দক্ষতা ও সেবার মান নষ্ট হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে একীভূতকরণের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান এবং নার্সিং পেশার মর্যাদা ও স্বাধীন কাঠামো বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।






