,

বরগুনায় শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এমএইচ কিসলু
১২ অক্টোবর রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ২০% বাড়ি ভাড়া ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫ % উৎসব ভাতা প্রদানের দাবিতে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে পুলিশী হামলার প্রতিবাদে বরগুনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীবৃন্দের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বরগুনা শহরের আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিজান টাওয়ারের সামনে সদর রোডে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বরগুনা আইডিয়াল কলেজের প্রভাষক ইলিয়াস হোসেন, সৈয়দ ফজলুল হক কলেজের প্রভাষক জাকির হোসেন, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান, উত্তর খাজুরা এছাহাকিয়া আলিম মাদ্রাসার প্রভাষক জাকির হোসেন, বুড়িরচর এম এ জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী পারভিন ছবি ও আবদুল গণি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শাহজালাল রুমী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের একটি সুশৃংখল সমাবেশে পুলিশের হামলা একটি সভ্য দেশে কখনোই কাম্য হতে পারে না। তারা অবিলম্বে শিক্ষক নির্যাতনের সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় এনে বিচার দাবি করেন। একই সাথে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের যৌক্তিক আন্দোলন মেনে নিয়ে তাদের দাবি পূরণের দ্রুত প্রজ্ঞাপন জারির অনুরোধ জানান।

Facebook Comments Box