রাকিবুল ইসলাম রাজন, বরগুনা:
বরগুনা সদরস্থ মাছ বাজার সংলগ্ন মোড়ে বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল থেকে দিনব্যাপী যৌথবাহিনীর বিশেষ চেকপোস্ট পরিচালিত হয়েছে। এই অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনকারী এবং সন্দেহভাজন যানবাহনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়।
লেঃ মো. ফয়সাল রহমান, (এস), বিএন (পি নং ৩৯৪৫)-এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট সশস্ত্র বাহিনীর একটি দল এবং বরগুনা সদর ট্রাফিক পুলিশের ৩ সদস্যের সমন্বয়ে এই বিশেষ যৌথবাহিনী গঠন করা হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযান চলে।
চেকপোস্ট চলাকালীন মূলত সিএনজি চালিত অটোরিক্সা ও মোটর সাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং চালকের হেলমেট ব্যবহারের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করা হয়। এর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিবর্গকেও তল্লাশি করা হয়।
অভিযান শেষে জানা যায়, মোট ৬৪টি মোটর সাইকেল ও ১টি সিএনজি চালিত অটো রিক্সা তল্লাশি করা হয়। এর মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোটর সাইকেলের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়। এই মামলাগুলোর বিপরীতে সর্বমোট ৪১,০০০ (একচল্লিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও, গুরুতর বিধি লঙ্ঘনের দায়ে ৩টি মোটর সাইকেল জব্দ করে যৌথবাহিনী।
যৌথবাহিনীর কড়া নজরদারি এবং কঠোর পদক্ষেপ সত্ত্বেও পুরো চেকপোস্ট চলাকালীন সময়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সাধারণ জনগণের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি করাই এই অভিযানের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।






