রাকিবুল ইসলাম রাজন, বরগুনা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পায়। নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে দেশের রাজনীতিতে পরিবর্তনের সম্ভাবনা এবং স্থানীয় নেতৃত্বের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বরগুনার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে সংরক্ষিত মহিলা আসনে বরগুনা থেকে একজন যোগ্য, অভিজ্ঞ এবং মাঠপর্যায়ে সক্রিয় নেত্রীকে মনোনয়ন দেওয়ার দাবি জোরালো হচ্ছে। এই আলোচনার কেন্দ্রে আছেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী শারমিন সুলতানা আসমা।
দলীয় সূত্র জানাচ্ছে, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সাংগঠনিক কার্যক্রম, নারী নেতৃত্ব বিকাশ এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার কাজে সম্পৃক্ত। কঠিন সময়ে মাঠপর্যায়ে সক্রিয় থাকার কারণে স্থানীয় নেতাকর্মীরা তাকে গ্রহণযোগ্য ও পরীক্ষিত নেতা হিসেবে দেখছেন।
শারমিন সুলতানা আসমা রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা একজন নেত্রী। বরগুনার সাবেক সংসদ সদস্য জাফরুল হাসান ফরহাদের কন্যা হিসেবে রাজনীতির সঙ্গে পরিচয় শৈশব থেকেই। তবে পারিবারিক পরিচয়ের বাইরে নিজের নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি আলাদা পরিচিতি তৈরি করেছেন। ২০১৪ সালে বরগুনা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন তার প্রশাসনিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে।
স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়ে উঠে এসেছে রাস্তাঘাট, কালভার্ট-ব্রিজ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, চরাঞ্চলের যোগাযোগ এবং উপকূলীয় ঝুঁকির বিষয়গুলো।
শারমিন সুলতানা আসমা বলেন, সংসদে সুযোগ পেলে তিনি বরগুনার উপকূল রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ, নদীশাসন ও দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন নিয়ে জোরালোভাবে কথা বলবেন। জেলেদের নিরাপত্তা, সহজ শর্তে ঋণ সুবিধা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বিকল্প কর্মসংস্থানের বিষয়ও তিনি সংসদে উপস্থাপন করবেন।
স্বাস্থ্যখাতে বরগুনা জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট নিরসন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং মাতৃস্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিষয়টিও তিনি জাতীয় পর্যায়ে তুলে ধরবেন। পাশাপাশি গ্রামীণ সড়ক উন্নয়ন ও চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা আধুনিকায়নের প্রয়োজনীয়তাও তিনি সংসদে উপস্থাপন করবেন।
তিনি আরো বলেন, “দল যদি আমাকে সংরক্ষিত মহিলা আসনে দায়িত্ব দেয়, আমি বরগুনার মানুষের প্রত্যাশা অগ্রাধিকার দিয়ে জাতীয় সংসদে তাদের কথা বলবো। উপকূলের অধিকার, নারীর ক্ষমতায়ন ও অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্নের বিষয়গুলো আমি জোরালোভাবে তুলে ধরবো।” নারীর অধিকার, স্বনির্ভরতা এবং তৃণমূল নারী নেতৃত্ব গড়ে তোলাকে তার রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন।
স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, মাঠপর্যায়ে সক্রিয় ও পরীক্ষিত একজন নেত্রী সংরক্ষিত আসনে মনোনয়ন পেলে বরগুনার উপকূলীয় বাস্তবতা ও সমস্যাগুলি জাতীয় পর্যায়ে আরও গুরুত্বসহকারে উপস্থাপন হবে।
আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও শারমিন সুলতানা আসমাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা তৈরি হয়েছে, তা বরগুনার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।







