খান নাঈম, বরগুনা:
হাতে খুন্তি, পরনে লুঙ্গি-শার্ট, আর সামনে জ্বলছে চুলার আগুন। রান্নার সুবাসে ম ম করছে চারপাশ। কিন্তু কৌতূহলের বিষয় হলো এই রান্নার দায়িত্বে কোনো গৃহবধূ নন; ব্যস্ত সময় পার করছেন খোদ পুরুষরাই পাশেই বসে রান্না করা দেখছেন পরিবারের নারীরা।
দৃশ্যটি কোনো নাটক বা সিনেমার নয়, বরং উপকূলীয় জেলা বরগুনার এক গ্রামীণ জনপদের বাস্তব চিত্র।
নারী-পুরুষের প্রচলিত সামাজিক ভূমিকা ও দায়িত্বের বিভাজন ভাঙতে এবং পরিবারে পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে বরগুনা অনুষ্ঠিত হয়েছে এক অভিনব ও সচেতনতামূলক আয়োজন।
আজ বুধবার (২৫ নভেম্বর) বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোনাতলা গ্রামে এই ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর বাস্তবায়নাধীন ‘আলোকিত প্রকল্প’ এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবারে নারীর গৃহস্থালি কাজের সঠিক মূল্যায়ন, সিদ্ধান্ত গ্রহণে নারীর সমান অধিকার নিশ্চিত করা এবং সংসারের সব দায়িত্ব পারস্পরিক ভাগাভাগির গুরুত্ব সবার সামনে তুলে ধরা।
দিনভর এই আয়োজনে স্থানীয় পুরুষরা নিজ পরিবারের নারী সদস্যদের সামনে সরাসরি রান্নার কাজে অংশ নেন এবং বিভিন্ন গৃহস্থালি কাজ করেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো গ্রামজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়েরতবক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, কমিউনিটি লিডার মো. জামাল আকন, আশরাফ আলী শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকরা।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, একটি সুসংগঠিত ও সুখী পরিবার গঠনে নারী ও পুরুষ উভয়ের সমান অবদান রাখা প্রয়োজন। গৃহস্থালি কাজ শুধু নারীর এই প্রাচীন মানসিকতা থেকে সমাজকে বের করে আনতে হবে। পুরুষরা রান্নাসহ গৃহস্থালির কাজে হাত বাড়ালে পরিবারে সাম্য, শ্রদ্ধা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়।
গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ জাগোনারীর এই চমৎকার সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে এ ধরনের ইতিবাচক কার্যক্রম আরও বড় পরিসরে আয়োজনের জোর দাবি জানান তারা।
উন্নয়নশীল সমাজে লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করতে এমন তৃণমূল পর্যায়ের সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত কার্যকর। বরগুনার সোনাতলা গ্রামের এই ছোট্ট আয়োজনটি কেবল একটি কর্মসূচি নয়; এটি পুরুষতান্ত্রিক মানসিকতার গণ্ডি পেরিয়ে একটি সমতাভিত্তিক সমাজ গঠনের পথে বড় এক বার্তা।
রান্নাঘর থেকে শুরু হওয়া এই মানসিকতার পরিবর্তনই হয়তো একদিন গড়ে তুলবে এক সুন্দর ও সাম্যবাদী পরিবার, যেখানে প্রতিটি কাজ হবে ভালোবাসার ভাগাভাগিতে; এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
খান নাঈম, বরগুনা।








Leave a Reply
You must be logged in to post a comment.